নবযাত্রা প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছর পর মায়ের কোলে এবং দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এদিকে সিলেট পৌঁছে তিনি ফেসবুকে দুটি ছবি পোস্ট করে তাতে লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!
ফ্লাইটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার কারণে গোটা বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সব প্রবেশমুখে যাত্রীদের করা হচ্ছে তল্লাশি। রানওয়ে ও আশপাশ এলাকার ৯টি পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনীসহ কয়েকটি সংস্থার সদস্যরা।
বিমানবন্দর সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমানীতে এক ঘণ্টার মতো যাত্রা বিরতি করবেন। ওই সময় তিনি বিমানেই অবস্থান করবেন। লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের ওসমানীতে নামিয়ে দেয়ার পর তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।