প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ উদ্বোধন করবেন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

নবযাত্রা ডেস্ক

এক দিনের সফরে আজ শনিবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এর পর প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *