নবযাত্রা ডেস্ক
সরকার গঠনের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে মালয়েশিয়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের বিশেষ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় এবং প্রদান করা হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা অবস্থান করবেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।
এর আগে গতকাল দুপুর পৌনে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপক্ষীয় বিদেশ সফর। সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম সরকার প্রধানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।