নজরুল ইসলাম ভুঁইয়া
একুশ আমার চেতনা
একুশ আমার প্রেরণা
একুশ মানে অ আ ক খ
আমার বর্ণমালা
আমার পরিচয়
আমার মুখের ভাষা
একুশ মানে মায়ের ভাষায় কথা বলা।
একুশ আমার গৌরব
একুশ আমার আশা
একুশ আমায় শিখায়
ভাঙবো পরাধীনতা।
একুশ আমার ভাইয়ের
আত্মত্যাগের শপথ
একুশ শহীদ বীরের
রক্তে রাঙানো রাজপথ।
একুশ আমার, মায়ের মুখের হাসি
একুশ আমার সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা
বোনের সুর তোলা বাঁশি।
একুশ আমার শিক্ষা
একুশ আমার উদারতা
একুশ আমার নিত্যদিনের সাথী।
একুশ মানে রফিক, জব্বার,
সালাম, বরকত, শফিউর, অলিউল্ল্যা।
একুশ মানে আন্দোলনের অগ্নিশিখা
একুশ মানে দাবি আদায়ের পথ
একুশ আমায় দেখিয়েছে
স্বাধীনতা আন্দোলনের পথ।
একুশ আমার অহংকার
একুশ মানে সুবিধা বঞ্চিত
শিশুদের নিয়ে একটু আয়োজন
একটু খাবার বিতরণ
আর প্রাণ খুলে হাসি।
একুশে ফেব্রুয়ারি
তোমায় ভালোবাসি।
একুশ আমার কৃষকের মাঠে ফসলে ছবি
শ্রমিকের গায়ের ঘাম
একুশ আমার শহীদ মিনারে
ফুল দিতে যাওয়া
প্রভাতফেরির গান।
একুশ আমার ভাইয়ের
রক্তে কেনা রঞ্জিত ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
এই আন্দোলনের নাম?
একুশ আমার ছেলের
মুখে অ-তে অজগর
মেয়ের মুখে আ-তে আম
একুশ আমার প্রেয়সীর মুখে
পরানের পরান।
একুশ আমার গোয়াল ঘরে
পুকুর ভরা জলে
একুশ আমার আকাশে বাতাসে
গাছের পাতায় দোলে।
একুশ আমার মায়ের ভাষা
বাংলাতে গাই গান।
একুশ মানে আমার মেয়ের
সুরেলা কণ্ঠের গান।
একুশ এখন বিশ্ববাসীর
জুড়ায় মন-প্রাণ।
একুশ মানে প্রতিবাদ
ভেঙে দাও শাসকের কালো হাত।
একুশ মানে স্বাধীনতা
আন্দোলনের বীজ বপন।
একুশ আমার একুশ তোমার
একুশ অনেক দামী
একুশ পেয়ে বিশ্বে এখন
আমরা হলাম নামী।
তাই তোমাকে স্মরি
অমর একুশে ফেব্রুয়ারি।।
তারিখঃ মঙ্গলবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২১ ইং।
১০ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
১০ই রজব, ১৪৪২ হিজরী।