ঈদের দিন চট্টগ্রামসহ চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

নবযাত্রা প্রতিবেদক


পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন। এরমধ্যে প্রকৃতিতে ঢুকেছে বর্ষার ভরা মৌসুম। গত দুদিন দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের আকাশও বর্ষার মেঘে সারাদিন মেঘাচ্ছন্ন ছিল। এতে কমেছে অস্বস্তিকর গরম। তবে ঈদের দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন দেশের কোনো কোনো অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে ঈদের আগে রবিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।


আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘ঈদের দিন চট্টগ্রাম বিভাগসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে’। তবে ঈদের দিন খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে।


সোমবার চট্টগ্রামসহ যে চার বিভাগে বৃষ্টির আভাস রয়েছে সে বিভাগগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।


গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।


আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ২টা ২২ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৮টা ৩৩ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বেলা ২টা ৫৮ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ৮টা ৪৯ মিনিটে। এসময় চট্টগ্রাম নদী বন্দরকে এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *