নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় পাঠাভ্যাস বৃদ্ধির ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, এটি জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং সংস্কৃতির মিলনমেলা।
শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক প্রত্যাশা ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধত”শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলোতে এখনো মানুষ বই পড়ার অভ্যাস ধরে রেখেছে। উদাহরণ হিসেবে জাপানের কথা তুলে ধরে তিনি বলেন, দৈনন্দিন যাতায়াতেও সেখানে মানুষ বই পড়েন, যা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে।
তিনি শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিক্ষকদেরও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানো জরুরি। শিক্ষার গুণগত মান ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা মানুষের চাহিদা ও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি যোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই দায়বদ্ধ এবং এই দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, নগর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।
আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পীরা এবং শিক্ষার্থীরাও অংশ নেন বিভিন্ন পরিবেশনায়, যা বইমেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সৃজনশীল প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন নগরবাসীর মধ্যে বইপড়ার আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।