মধ্যরাতে ডিবির অভিযান: ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ্যপ দ্রব্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ৭৪৪ ক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি দল কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন দেওয়ানহাট ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেখানে একটি গুদামের সামনে থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই মদ্যপ দ্রব্যের পাহারায় ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান, পিপিএম-এর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানান, উদ্ধার করা বিয়ারগুলো কম দামে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তার।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *