নারী

নজরুল ইসলাম ভুঁইয়া

নারী
তোমার কী পরিচয়? শুধুই তুমি নারী?
আমার কাছে তুমি আমার মা, বোন, মেয়ে
আমার প্রাণের প্রেয়সী।

মহান স্রস্টা এই পৃথিবীতে করেছেন যত সৃষ্টি
তাঁর সৃষ্টির মাঝে আমার সর্বোচ্চ মোহ নারী দৃষ্টি
ধরণীর বুকে আছে যত সৃষ্টি ভালোমন্দ নীড়
করিয়াছে নর-নারী সমানভাবে, হয়ে শ্রেষ্ঠ বীর।

নারী
তুমি মমতায় ভরা আমার জননী
বুকে জড়িয়ে সন্তানের কান্না থামাও জানি
দেখিয়ে দূর আকাশের চাঁদ খোলা বারান্দায় যাই
তোমার স্নেহভরা বুকেতে আমি জান্নাত খুঁজে পাই।

নারী
তুমি আমার খেলার সাথী সহোদর বোন
তোমার সাথে কত খুঁনসুটি করি
মাথা রেখে তোমার কোলে দিই শান্তির ঘুম
তোমায় বারবার স্মরি
তুমি আমার পবিত্র রক্তের বাঁধন।

নারী
তুমি আমার পরান পাখি, ফুটন্ত লাল গোলাপ
তোমার সাথে দিন-রাত চলে আমার মিষ্টি আলাপ
নারী তুমি আমার প্রেমের হিমাদ্রী, যৌবনদীপ্ত তরুণী
তোমার সাথে সারাক্ষণ করি প্রেমের খুঁনসুটি
সহ্য করেছো আমায়, কর নি অভিমান
চাও নি কিছু আর
কি সহ্য ক্ষমতা তোমার!

নারী
তুমি আমার ঔরসজাত সন্তান
তোমায় বুকে নিয়ে আমি পাই সম্মান
তোমার বাবা ডাক শুনে হই আত্মহারা
তোমার উহু শব্দে
আমি হই দিশেহারা।
তোমার সফলতার গল্প শুনে
আনন্দিত হই আমরা।

নারী
তুমি পড়াশোনা শিখে বড় হও
নিজেকে আলোকিত করো
হও মহীয়সী
পৃথিবীর সমান বড়।

নারী
তুমি মানুষ এই ভিত্তি
সবার মাঝে থাক
তোমার মাঝেই জগৎ সংসার
শতভাগ পূর্ণতা পাক।

নারী
তুমি নও কারো দাসী
তুমি পুরুষের অর্ধাঙ্গী
মাথা উঁচু করে সত্য কথা বলি
তুমি আমার চলার পথে সঙ্গী
নারী তোমায় ভালোবাসি।

নারী
তুমি পাহাড়ি ঝর্ণা
পাহাড় বেয়ে নেমে নদী বেয়ে চলো
তুমি সাগরের বুকে বিশাল ঢেউ
কল্লোল ধ্বনি তোলো।

নারী
তুমি অনন্যা
তোমার তুলনা কারো সাথে হয় না
তুমি আমার হৃদয় মন্দিরে
অন্তহীন পথ চলো।

তারিখঃ সোমবার, ৮ই মার্চ, ২০২১ ইং।
২৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
২৩ই রজব, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *