নবযাত্রা প্রতিবেদক
তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে শিল্পকলায় চট্টগ্রামের সর্ববৃহৎ ও প্রাচীন মোর্চা ‘সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম’ প্রতিষ্ঠার ৩২ বছর উপলক্ষে আবৃত্তি উৎসবের শুরু হয়।
গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম। ‘শাণিত শব্দের প্রাণিত উচ্ছ্বাস’ শিরোনামে অনুষ্ঠিত এ উৎসবে জোটভুক্ত ২২টি সংগঠন অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জোটের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আবু তাহের। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তি জোটের সাবেক সভাপতি অঞ্চল চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম দোভাষ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, শিক্ষার সঙ্গে সাহিত্য-সংস্কৃতি চর্চার সমান মেলবন্ধন না ঘটলে বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ চেয়েছিলেন সেটির বাস্তবায়ন সম্ভব নয়। শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। কারণ, মানুষের সাংস্কৃতিক পরিচয় অনেক বড় পরিচয়। তাই আমাদের সংস্কৃতিবান হতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সহ পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা যুক্ত করেছে, তা সফল করতে হলে আবৃত্তি, নাটক, সংগীত ও নৃত্যসহ সব ধরনের সাংস্কৃতিক চর্চাকে অভিভাবকদের গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকারও সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।
উৎসবের একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, উদীরণ আবৃত্তি নীড়, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, তারুণ্যের উচ্ছ্বাস, স্বদেশ আবৃত্তি সংগঠন, দৃষ্টি চট্টগ্রাম, চট্টলা আবৃত্তি একাডেমি, স্বপ্নযাত্রী, পা-ুলিপি আবৃত্তি দল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, স্পৃহা আবৃত্তি নীড়, বৈখরী আবৃত্তি আলয়, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, প্রহর সাংস্কৃতিক অঙ্গন, ডিঙ্গি সাংস্কৃতিক সংগঠন, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি।