শিশুদের মাঝে জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা ছড়িয়ে দিতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

নবযাত্রা প্রতিবেদক
শিল্পাচার্য জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “জয়নুল আবেদীন শুধু একজন খ্যাতিমান চিত্রশিল্পীই নন, তিনি এদেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত। তার মানবতাবোধ, সমাজ সচেতনতা এবং শিল্পচর্চা আজকের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

মঙ্গলবার থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে শিশু সংগঠক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ১৮তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশগঠনের কারিগর। তাদের মাঝে শৈশব থেকেই সৃজনশীলতার বীজ বপন করতে হবে। চিত্রাঙ্কন, সংগীত, নৃত্যসহ নানা শিল্পচর্চার মাধ্যমে তাদের মনন ও কল্পনাশক্তি বিকশিত হয়। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে অভিনন্দন জানাই।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। আশা করি চট্টগ্রামে শিশুদের জন্য সৃজনশীল কর্মকাণ্ডের পরিসর আরও বাড়বে।”

অনুষ্ঠানে মেয়র বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *