শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি টাইগাররা: সম্ভাব্য একাদশ ঘোষণা

নবযাত্রা স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ১৭তম আসরে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা এবার গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হতে যাচ্ছে।

আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে জায়গা করে নিতে এ ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে দুই দলই।

একাদশে সম্ভাব্য পরিবর্তন

বাংলাদেশের বোলিং আক্রমণে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং অর্ডারে একটি পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ রান করা তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান।

শ্রীলংকার সাম্প্রতিক পারফরম্যান্স

বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হেরেছিল শ্রীলংকা। তবে এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সফরে দারুণ পারফরম্যান্স করে আসছে তারা—ওয়ানডেতে ২-০ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জিতেছে লংকানরা। তাই এই ম্যাচকে সমানভাবে চ্যালেঞ্জিং হিসেবেই দেখছে লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

পরিসংখ্যান বলছে

এ পর্যন্ত দুই দলের টি-টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে ২০ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে, আর শ্রীলংকা জিতেছে ১২টিতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *