হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নবযাত্রা ডেস্ক
২৫ মার্চ, ২০২২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এবার মামলা দিলেন। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফ্লোরিডায় ফেডারেল আদালতে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি ছাড়াও ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক পার্টির পরিচালনা পর্ষদ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিসহ ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ মামলায় আসামি করা হয়েছে।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের দাবি—২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ রয়েছে এমন মিথ্যা দাবি তুলে তার নির্বাচনী প্রচারণা ভণ্ডুলের ষড়যন্ত্র হয়েছিল। ডেমোক্র্যাট শিবির থেকে যে অভিযোগ তোলা হয়েছিল, তা নিয়েই এতদিন পর মামলা করেছেন এ রিপাবলিকান নেতা।

১০৮ পৃষ্ঠার মামলার নথিতে বলা হয়েছে, ‘গবেষণা, তথ্য বিশ্লেষণ ও রাজনৈতিক কৌশলের’ নামে অভিযুক্তরা জনগণের বিশ্বাস বদলে দেওয়ার অপচেষ্টা করেছিলেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো—ট্রাম্পকে অপমান করা।

মামলায় ক্ষতিপূরণ ও শাস্তির ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে। এই ক্ষতির পরিমাণ হতে পারে ২ কোটি ৪০ লাখ ডলার। তবে এসব বিষয়ে অভিজ্ঞ আইনজীবী জেফ গ্রল বলেছেন ট্রাম্প মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন। যদিও এ বিষয়ে হিলারির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *