২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি: ড. মোশাররফ

নবযাত্রা প্রতিবেদক


আগামী ২৭ মার্চ ‘চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে’ যাবে বিএনপি। ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনা কেন্দ্র কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন তারা। শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি পালনের কথা বলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনগণের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। এ কালুরঘাট বেতার কেন্দ্রকে আমরা মনে করি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের একটা কেন্দ্র, ঐতিহাসিক একটি ঘটনা। এ ঐতিহাসিক স্থানটিকে আমরা মূল্যায়ন করে ২৭ মার্চ জাতীয় কমিটি শ্রদ্ধা নিবেদন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির লক্ষ্য ছিল- মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের ৫০ বছরের ঘটনাবলির যে প্রকৃত ইতিহাস তা জনগণের কাছে তুলে ধরা। যে জাতি তার সঠিক ইতিহাস জানে না, সেই জাতি টেকসইভাবে উন্নতি করতে পারে না। বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে তাদের সুবিধামতো করে প্রচার করছে। আজকে বাংলাদেশের সকলের কাছে পরিষ্কার বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী ৫০ বছরের ইতিহাসকে তারা নিজের মতো করে রচনা করে দেশকে বড় বিভ্রান্তি ও অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের কার্যালয়ের রিয়াজ উদ্দিন নসু, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *