নিজস্ব প্রতিবেদক
দেশের আকাশ থেকে কেটে গেছে শীতের আভাস। কমেছে কুয়াশার ঘনত্ব। কাগজে-কলমে বিদায় নিয়েছে শীত। এরই মধ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনও হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।
এদিকে গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কথা জানিয়ে এলেও এবার নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। বৃষ্টির আশঙ্কা কেটে যাবে। রাতের তাপমাত্রা কমলেও বাড়বে দিনের তাপমাত্রা। তবে এখনও কুয়াশা পড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৭২ ঘণ্টায় লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামসহ দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ১২টা ৩৮ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৬টা ৩৪ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৪৮ মিনিটে এবং দ্বিতীয় ভাটা সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে।