নবযাত্রা ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে এক হৃদয়বিদারক ঘটনায় মাত্র দুই মাস বয়সী কন্যাশিশু মেহেরা নির্মমভাবে প্রাণ হারিয়েছে। অভিযোগ উঠেছে, চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে নিজেরই বাবার হাতে প্রাণ দিতে হয়েছে নিষ্পাপ এই শিশুকে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত শিশুটির মামা জাহেদের ভাষ্য অনুযায়ী, সকালে মেহেরার বাবা ওসমান গণি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। কিছুটা দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওসমান। হঠাৎ করেই তিনি মায়ের কোল থেকে দুই মাসের মেহেরাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। ঘটনাস্থলেই নিভে যায় শিশুটির ক্ষুদ্র জীবনের প্রদীপ।
একটি সামান্য বিষয়—এক কাপ চা। অথচ সেই তুচ্ছ কারণেই থেমে গেল একটি নিষ্পাপ প্রাণের শ্বাস। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একটি পরিবারের ভেতরের সামান্য দ্বন্দ্ব যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই নির্মম ঘটনা।