নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে এক বছর আগের মাদক মামলার আসামি এক নারীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই পরিবারের আরও চার সদস্যকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত পাঁচজনই একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে হাজের বেগমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে তার স্বামী আব্দুর রহিমসহ আরও চারজনকে আটক করা হয়। আটক অপর সদস্যরা হলেন—নুর বেগম, লিজা আক্তার ও খালেদা বেগম। তারা সবাই একই পরিবারের সদস্য।
অভিযানকালে তাদের বাসা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, ইয়াবা বহনে ব্যবহৃত একটি হটবক্সে রাখা ৩২ হাজার টাকা এবং একটি কুরিয়ার প্রতিষ্ঠানের তিনটি রসিদ উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে আনতেন এবং পরে তা বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, হাজেরা বেগমের বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতেই পুরো চক্রটি ধরা পড়ে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।