অনলাইন ডেস্ক
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি দৃঢ়ভাবে বলেন, প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা ছিল না এবং এমন কোনো ঘটনাও ঘটেনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সরকার আগে থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করে, যা গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
গণমাধ্যমের ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের সহযোগিতার কারণেই পুরো জাতি জানতে পেরেছে—এবারের পরীক্ষা সুষ্ঠু ও প্রশ্নফাঁসমুক্ত হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আগামী পরীক্ষাগুলোতেও একই ধারা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পেলে তা দ্রুত জানাতে সাংবাদিকদের প্রতি অনুরোধও জানান মন্ত্রী।
পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থীদের সুবিধার বিষয়েও কথা বলেন তিনি। ট্রাফিক জটের কারণে কেউ দেরি করলে তাকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি, পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে কেন্দ্রগুলো সকাল ৮টা থেকেই খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, কোনো শিক্ষার্থী যেন দেরির কারণে আতঙ্কিত না হয় এবং সবাইকে সহযোগিতার মাধ্যমে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।