কর্ণফুলীতে মোটরবাইক-পিকআপ সংঘর্ষ স্কুল শিক্ষক নিহত

নবযাত্রা প্রতিবেদন

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিধান মল্লিক (৪২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি আনোয়ারার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ১৭ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নতুন ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিক্ষক বিধান মল্লিক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর পিন্টু দাস নামের এক স্থানীয় ব্যক্তি তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিধান মল্লিক চট্টগ্রামের আনোয়ারা থানার সিংহরা এলাকার দুর্গাপদ মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করার চেষ্টা চলছে এবং মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্কুল শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও কর্মস্থলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *