নবযাত্রা ডেস্ক
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চীনের প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকাস্থ চীনা দূতাবাস পৃথক শোক বার্তা পাঠিয়েছে।
তারেক রহমানের কাছে পাঠানো শোক বার্তায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমি বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্র পরিষদের প্রধানমন্ত্রী মহামান্য লি ছিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য ওয়াং ই পৃথকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা প্রেরণ করেছেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল রক্ষক হিসেবে ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আর তাঁর দৃঢ়তা জনগণকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু ছিলেন; দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদান একটি স্থায়ী ছাপ রেখে গেছে। চীনা জনগণ গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে চিরদিন স্মরণ করবে।
আপনার নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।