নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে হামের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন শিশু।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, নতুন শনাক্ত চার শিশুর মধ্যে দুজন নগরীর এবং বাকি দুজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। পাশাপাশি একজনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে।
সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে পরীক্ষার কার্যক্রমও জোরদার করা হয়েছে। গতকাল ৩২ জন শিশুর নমুনা ঢাকার জাতীয় পোলিও ও মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ১৬ শিশুর সবাই মহানগর এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৭ জন শিশু।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। আক্রান্ত ও সন্দেহভাজনদের দ্রুত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং নিয়মিত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে তিনি জানান।