চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১২টি বসতঘর

নবযাত্রা প্রতিবেদন

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার লাকড়ির চুলা থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার দিকে তারা আগুনের খবর পান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের মালামাল বের করার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। ফলে পুড়ে যাওয়া ১০-১২টি বসতঘরের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলমগীর বলেন, অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৩টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ, উদ্ধারকৃত মালামালের তালিকা এবং আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত করা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *