চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১.৩০ লাখের বেশি শিক্ষার্থী

সিসি ক্যামেরায় নজরদারি, ৭৬টি ভিজিল্যান্স টিম প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর অধীনে অংশ নিচ্ছে মোট ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্র জানায়, এবার পরীক্ষার্থীরা ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, এবার প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ২১৮টি পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

এদিকে পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে গঠন করা হয়েছে ৭৬টি ভিজিল্যান্স টিম। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম মাঠে কাজ করবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন। গত বছর ছাত্র ছিল ৬১ হাজার ৬৫২ এবং ছাত্রী ছিল ৭৯ হাজার ২১ জন।

জেলাভিত্তিক হিসেবে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৯২ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া কক্সবাজারে ১৮ হাজার ৯২৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

কেন্দ্রের সংখ্যায় সামান্য পরিবর্তন এসেছে। গত বছরের ২১৯টি কেন্দ্রের বিপরীতে এবার রয়েছে ২১৮টি কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *