অনলাইন ডেস্ক
ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুলসংখ্যক ঝরে পড়া শিক্ষার্থীকে পুনরায় শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা বড় ভূমিকা রাখছে। এ খাতের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং মানোন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্ব দিতে হবে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে। মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও জোর দেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারে শিক্ষার রূপকল্প হিসেবে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যুরোর মূল লক্ষ্য হলো শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।