নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন স্থাপিত টিউবওয়েল থেকে পানি তোলার সময় গ্যাস নির্গমনের অস্বাভাবিক ঘটনা দেখা গেছে। এমনকি টিউবওয়েলের মুখে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে শিখা জ্বলে ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে প্রায় ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। তবে স্থাপনের পর থেকেই ওই টিউবওয়েলের পানিতে তীব্র গন্ধ ও বুদবুদ লক্ষ্য করা যায়, যা ব্যবহার অনুপযোগী করে তোলে পানিটিকে।
পরিবারের সদস্যরা বিষয়টি পরীক্ষা করতে গেলে দিয়াশলাই বা লাইটার ধরাতেই টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন, যা কৌতূহলের পাশাপাশি উদ্বেগও বাড়িয়ে তোলে।
ভুক্তভোগী আব্দুল মতিন বলেন, শুরুতে তারা বিষয়টি বুঝতে পারেননি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে পরীক্ষা করে আগুন জ্বলার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে পরিবারটি আতঙ্কে রয়েছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।
বিশেষজ্ঞদের ধারণা, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্বারোপ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। তবে যথাযথ পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।