নোয়াখালীতে নিখোঁজের তিন দিন পর যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহে তদন্ত শুরু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. খোকন (৩২) নামে এক যুবকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত খোকন একই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) রাতে পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করে এবং প্রমাণ গোপনের উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে দেয়। পরে লাশটি ঝোঁপের মধ্যে ফেলে রাখা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, মরদেহে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *