বাঁশখালীর সরলে মাদকের ছড়াছড়ি: ‘রইশ্যা ডাকাতকে ঘিরে অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বলিপাড়া ও পূর্ব কাহারঘোনা এলাকায় মাদকের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই এলাকায় মাদকসেবী ও কারবারিদের উপস্থিতি বেড়ে যায়, এমনকি অনেক সময় প্রকাশ্যেই মাদক লেনদেন চলতে দেখা যায়।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে এলাকার কিশোর ও তরুণরা। স্থানীয়রা বলছেন, সহজলভ্যতার কারণে তরুণদের একটি অংশ দ্রুত মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যতে সামাজিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি করছে।

এলাকাবাসীর অভিযোগের কেন্দ্রে রয়েছেন রশিদ আহমদ, যিনি ‘রইশ্যা ডাকাত’ নামে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা গেছে, তিনি শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পূর্ব কাহারঘোনায় বসবাস করছেন।

স্থানীয়দের দাবি, তিনি ওই এলাকায় বসেই একটি সক্রিয় মাদক চক্র পরিচালনা করছেন। বিশেষ করে তরুণদের লক্ষ্য করে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তার বসতঘর থেকেই এসব কার্যক্রম পরিচালিত হয় এবং এর সঙ্গে একটি সংঘবদ্ধ চোরচক্রও সম্পৃক্ত।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি কারাভোগও করেছেন। তবে এসবের পরও তার কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতির প্রতিবাদে গত ৩১ মার্চ পূর্ব কাহারঘোনা এলাকায় স্থানীয়দের উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলে দাবি এলাকাবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীর উদ্বেগে আছি। এলাকায় খুব সহজেই মাদক পাওয়া যাচ্ছে, যা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে।”

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদকমুক্ত করা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *