বছরব্যাপী মানবিক সংগঠন ‘সেতু’ উদ্যোগ প্লাস্টিকের বোতল-পলিথিনেরময়লা জমা দিলেই মিলছে খাবার

নিজস্ব প্রতিবেদক

প্লাস্টিকের বোতল হাতে রিকশাচালক নেজাম উদ্দিন দাঁড়িয়েছেন লাইনে। বোতল জমা দিয়ে নিয়েছেন বিরিয়ানির প্যাকেট। দুপুরের খাবারের জন্য বিরিয়ানি পেয়ে বেশ খুশি তিনি। শুধু প্লাস্টিকের বোতল নয়, পলিথিনসহ প্লাস্টিকের ময়লা আবর্জনা জমা দিলেই মিলছে খাবারের প্যাকেট। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী এমনই একটি উদ্যোগ নিয়েছেন মানবিক সংগঠন ‘সেতু’।

গত ২১ ফেব্রুয়ারি বিকেলে সিআরবির সাত রাস্তার মোড়ে ‘খালি প্লাস্টিক বোতল, পলিথিন জমা দিন- বিনিময়ে খাদ্য নিন’ এই প্রতিপাদ্যে অসচ্ছল ব্যক্তি, শ্রমজীবী, সুবিধা বঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ৫শ’ প্যাকেট খাবার বিতরণ করে সংগঠনটি। এ দিন থেকে চালু হওয়া কর্মসূচি চলবে বছরব্যাপী। খাবার দেয়া হবে নগরীর বিভিন্ন স্পটে। এদিন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা রাজনীতিক ও সংগঠক বেদারুল আলম চৌধুরী বেদার।

সংগঠনটির উদ্যোক্তা ইশতিহাদ হোসেন শিপনের এমন ব্যতিক্রমি উদ্যোগ নেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম নগরীর জলবদ্ধতার অন্যতম কারণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন। এসব প্লাস্টিক যত্রতত্র ফেলার কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ বান্ধব এ কর্মসূচি শুরু করেছি। যা চলতি পুরো বছর জুড়ে বিশেষ বিশেষ জাতীয় দিবসে তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এছাড়া আমাদের এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত শিশু- কিশোর ও যুবকদের পড়ালেখা, ক্রীড়া প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা দিয়ে আসছে যা আগামীতেও অব্যাহত থাকবে। এলক্ষ্যে তিনি সেবা সংস্থা ও বিত্তবানদের সহায়তা কামনা করেন।

উদ্যোগটিতে রয়েছেন ইমরান হাসান, সিফাত সালেকীন, আবদুল মান্নান সোহেল, সাজ্জাদ নাওয়াল, তানভীর হোসেন নয়ন, মনিশা আক্তার শিমু, শুভ হাসান এবং মোহাম্মদ শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *