বাংলা মা / স্বপন কুমার বৈদ্য

বাংলা আমার মাতৃভূমি
স্মরণ কালের শ্রেষ্ঠ মা
বাংলা আমার পাহাড় নদী
সবুজে ঘেরা গাঁ,
বাংলা আমার শস্য ভান্ডার
বাঁচার অনিন্দ্য ফসল
বাংলা আমার বন বনানী
ধরণীর সুশোভিত করতল
বাংলা আমার আউল বাউল
ধান শালিকের গান
বাংলার বুকে মাথা রেখে
জুড়িয়ে যায় প্রাণ,
বাংলা আমার ট্যারাকোটার ইতিহাস
চিত্রশিল্পের চারুকলা
বাংলা আমার স্বর্গীয় রূপ
মাতৃভাষার তীক্ষ্ণ ফলা,
বাংলা আমার পূণ্যভূমি
আউলিয়া দরবেশের দেশ
বাংলা আমার ধর্মচর্চা
মুণি ঋষির নেইকো শেষ,
বাংলা আমার কীর্তনিয়া দল
গাউছুল আজম মাইজভাণ্ডারী
বাংলা আমার মনসা পুঁথি
লালনগীতি আর জারিসারি,
বাংলা আমার হাজারো বংশধর
পয়লা বৈশাখের আনন্দ মেলা
বাংলা আমার ধূসর গোধুলি
রাখালিয়া বাঁশির মজার খেলা,
বাংলা আমার রক্তাক্ত দেহ 
স্বাধীনতার সিঁদুরে টিপ
বাংলা আমার বোরখা পড়া
সেন্ট মার্টিন আর নিঝুম দ্বীপ
বাংলা আমার নির্মল আকাশ
কখনো বা বৃষ্টি ঝরা দিন
বাংলা মায়ের মৃত্তিকার কাছে
ফুরোয়না মোদের ঋণ
বাংলা আমার দোয়েল শ্যামা
ফিঙে বুলবুলি টুনটুনি খঞ্জনা
বাংলা আমার ঐক্যের বন্ধন
বিশ্ব এজতেমার সরাইখানা
বাংলা আমার কনের হাসি
বাসর রাতের কোলে
বাংলা আমার সাহিত্যের বুলি
কবিতার ছন্দে দোলে,
বাংলা আমার জাতি ধর্ম নির্বিশেষে
অসাম্প্রদায়িক এক চেতনা
বাংলা আমার সকল সম্প্রদায়ের
দেশমাতৃকার বন্দনা,
বাংলা আমার স্বাধীনতার কন্ঠস্বর
বীর মুক্তিযোদ্ধার দীপ্ত শপথ
বাংলা মা পেরিয়ে এসেছে
হাজারো বছরের দুর্গম পথ


রচনা কাল ঃ ২৪/১২/২০২০ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *