বিএনপি থেকে আজীবন বহিষ্কার সাক্কু-কায়সার

অনলাইন ডেস্ক

দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র মনিরুল হক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই এবার কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়রপ্রার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এখন থেকে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।

’কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে এবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুসিকের প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করে নৌকার প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে সাক্কু নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুসিকের মেয়র হন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় আগেও তাকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি।

অন্যদিকে, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কায়সারকে আজীবন বহিষ্কার করা হয়। একইসঙ্গে কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মনির হোসেন পারভেজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

একইসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *