নবযাত্রা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রেকর্ড গড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি ২ ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হন তিনি। এর মাধ্যমে অ্যাডহক কমিটির সভাপতি থেকে পূর্ণাঙ্গ মেয়াদের পরিচালক হিসেবে তার পথচলা শুরু হলো। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই নির্বাচনে অনানুষ্ঠানিক ফল ঘোষণার পর ক্রিকেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
দেশের ক্রিকেটকে নতুন রূপ দিতে গঠিত এই পর্ষদে তামিম সর্বোচ্চ সমর্থন পেয়ে নিজের অনন্য জনপ্রিয়তার প্রমাণ দিলেন। ক্লাব প্রতিনিধিদের এই ভোটযুদ্ধে তিনি ছাড়া সাঈদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু ৭২টি করে ভোট পেয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে মূলত শুরু হলো বোর্ডের নতুন পথচলা। এখন শুধু প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা বাকি। মাত্র আট মাসের ব্যবধানে বোর্ডের পরিচালনা পর্ষদের দুটি নির্বাচন ঘিরে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে যে প্রচণ্ড উত্তেজনা ও সংশয় কাজ করছিল, অবশেষে গতকাল অত্যন্ত নিরুত্তাপ এক ভোটগ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। সহসভাপতি করা হয়েছে ফাহিম সিনহাকে।
নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে তামিম ও সাঈদ ছাড়াও অন্যান্য বিজয়ীদের মধ্যে মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল ৬৮ ভোট পেয়েছেন। এছাড়া শানিয়ান তানিম ৬৬, ফাহিম সিনহা ৬৬, সাকিব আহমেদ সালাম ৬৫, আসিফ রাব্বানি ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।