নবযাত্রা প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায়ও প্রার্থনা করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বাদে মাগরিব বাটালি হিল টাইগারপাসস্থ চসিক নগর ভবনের মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন সংগ্রাম করে
গেছেন।
তিনি বলেন, “দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন, তিনি গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক।”
ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনেত্রী বর্তমানে কঠিন সময় পার করছেন এবং এ সময় সারাদেশের মানুষ তার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। “এই দোয়া মাহফিল থেকে আমরা মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা বিশ্বাস করি, লাখো-কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন,”—বলেন তিনি।
তারেক রহমানের প্রসঙ্গে মেয়র বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে নতুন আশার আলো। তার নেতৃত্বে বিএনপি আবারও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, চসিকের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মুহাম্মদ শহিদুল্লাহ, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বিএনপি নেতা মহসিন তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ ইলিয়াস, হাসান উসমান চৌধুরী, মোস্তফা আলম মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, চসিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।