নবযাত্রা প্রতিবেদন
হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখান গানটি যেন আজ জীবন্ত। প্রাণবন্ত এইগানের মতই বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণের প্রতিরুপ নিয়েই উৎসবমুখর শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানায় শহরবাসি। এসময় নগরীর প্রধান সড়কজুড়ে ছড়িয়ে পড়ে বৈশাখের রঙ, আনন্দ আর বাঙালিয়ানার আবহ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শুরু হয় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে। সেখান থেকে এটি কাজীর দেউড়ি, লাভ লেন হয়ে ডিসি হিল এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জীবনের প্রতীকী সামগ্রী, রঙিন মুখোশ, ফেস্টুন ও ব্যানার—যা বাঙালির ঐতিহ্যকে জীবন্ত করে তোলে।
উৎসবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তাদের বক্তব্যে উঠে আসে—এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে, রঙ-উচ্ছ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধনে চট্টগ্রামের শোভাযাত্রা হয়ে ওঠে নববর্ষ বরণের এক প্রাণবন্ত প্রতীক।