হরমুজ প্রণালিতে অচলাবস্থা, সাগরে বন্দি ২০ হাজারের বেশি নাবিক

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে স্থবিরতা তৈরি হয়েছে এবং হাজারো নাবিক মানবিক সংকটে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে অন্তত দুই হাজার বাণিজ্যিক জাহাজ ওই অঞ্চলে আটকে আছে। এসব জাহাজে অবস্থান করছেন ২০ হাজারেরও বেশি নাবিক, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে সমুদ্রে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংঘাত শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অন্তত ২১টি হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন আরও কয়েকজন নাবিক।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও জানিয়েছে, জাহাজগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট ক্রমেই প্রকট হচ্ছে। দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকার কারণে নাবিকদের শারীরিক ক্লান্তি যেমন বাড়ছে, তেমনি মানসিক চাপও বেড়ে চলেছে।

সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেছেন, এই সংকট নিরসনে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং আটকে থাকা জাহাজে জরুরি সহায়তা পৌঁছে দিতে দ্রুত একটি মানবিক করিডোর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *