নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় যৌথ অভিযানে একটি বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম জব্দ করেছে র্যাব-৭। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ নানা যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে আন্তর্জাতিক কল রাউট করে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। আধুনিক ওটিটি প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুক কলের ব্যবহার বাড়লেও ভিওআইপি প্রযুক্তির মাধ্যমে সাধারণ টেলিফোনে অবৈধ কল আদান-প্রদান এখনো বন্ধ হয়নি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নগরের হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে জিয়াবুল হক নামে এক ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছেন। পরে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-৭-এর একটি দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই বাসায় অভিযান চালায়।
অভিযানের সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপ্টার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল ইউপিএস, একটি ব্যাটারি এবং চারটি মাল্টিপ্লাগ।
এ ছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামগুলো সচল অবস্থায় ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা আলামত ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।