শাহবাগে ছাত্রদলের সমাবেশে ৯ দফা ঘোষণা

গণতন্ত্র, অধিকার ও শিক্ষা সংস্কারে অঙ্গীকার

IMG 20250804 WA0024

নবযাত্রা প্রতিবেদক

ঢাকা, ৩ আগস্ট ২০২৫:
জাতীয়তাবাদী ছাত্রদল চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শিক্ষাঙ্গন, গণতন্ত্র ও সমাজ সংস্কারের লক্ষ্যে ৯ দফা দাবির প্রতিশ্রুতি দিয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ৯ দফা ঘোষণা দেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতির বক্তব্যে রাকিব বলেন, “বাংলাদেশের শিক্ষাঙ্গনকে সহিংসতা, দখলদারিত্ব ও দলীয়করণ থেকে মুক্ত করে একটি নিরাপদ ও স্বাধীন শিক্ষার পরিবেশ গড়ে তোলাই ছাত্রদলের মূল লক্ষ্য।”

সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

ঘোষিত ৯ দফার মূল প্রতিশ্রুতি:

১. শিক্ষাঙ্গনে গেস্টরুম, গণরুম, জোরপূর্বক কর্মসূচি এবং মতের বিরোধে নির্যাতনের সংস্কৃতি বিলোপ।

২. আবাসিক হল ও ক্যাম্পাসে নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাদ্য ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত।

৩. সাম্য, মানবিক মর্যাদা ও নারীর অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যয়।

৪. জাতীয় স্বার্থ সুরক্ষায় বাংলাদেশপন্থী শিক্ষানীতি প্রণয়নে উদ্যোগ।

৫. বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষা এবং প্রশ্নফাঁস ও দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবি।

৬. মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা।

৭. বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের চেতনায় সাংস্কৃতিক চর্চা বেগবানকরণ।

৮. কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন।

৯. ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্দোলনের অঙ্গীকার।

সমাবেশে বক্তারা বলেন, “ছাত্রদল শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে একটি আদর্শিক প্ল্যাটফর্ম।”

শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। ‘তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি’—এই শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশ এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *