আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। রবিবার গভীর রাতে ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে কুনার প্রদেশে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে, ফলে ধ্বংসস্তূপে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকর্মীদের হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছাতে হচ্ছে।

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, দুর্গত মানুষের জন্য গরম খাবার, কম্বল ও অন্যান্য জরুরি সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। তালেবান প্রশাসন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে দেওয়া হবে না।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র আট কিলোমিটার গভীরে, যা এর ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, এমনকি প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *