মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

নবযাত্রা ডেস্ক
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন গ্রুপের সমর্থক আমঝুপি উত্তরপাড়ার মোস্তাক রাজা (৩৫)। অপরদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের সমর্থকরা কবির (৩০), আরিফুল ইসলাম (৫৫) ও লিজন (৪৫) আহত হন।

সংঘর্ষের কারণ নিয়ে দুই গ্রুপের নেতারা পরস্পরকে দায়ী করেছেন। ওমর ফারুক লিটন অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসে করে ফেরার সময় সাইফুল ইসলাম গ্রুপের সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়। অপরদিকে, সাইফুল ইসলাম দাবি করেন, তারা সমাবেশের প্রস্তুতিমূলক বৈঠক করছিলেন, এমন সময় লিটন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, আহতদের দেখতে হাসপাতালে যান মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান। তিনি দাবি করেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।”

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবা উদ্দীন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *