নবযাত্রা ডেস্ক
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর সঙ্গে আরও পাঁচজনকে আটক করা হয়েছে বলে সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার রাতে বোরাক টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে আকস্মিক মিছিল বের করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ডিবির রমনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবির জানান, প্রাথমিকভাবে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে।”
সম্প্রতি বিভিন্ন টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান। তবে তাঁর আইনজীবী দাবি করেছেন, এই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। এ ঘটনায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।