জাকসু নির্বাচনে ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

নবযাত্রা প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটের আগ মুহূর্তে ব্যালটপত্র নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথিকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।

লিখিত বক্তব্যে ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান বলেন, “আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মাঠে নেমেছি। কিন্তু হঠাৎ করেই জানতে পারি, নির্বাচন কমিশন যে কোম্পানি থেকে ব্যালটপত্র ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে সেটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।”
তিনি দাবি করেন,

“শিক্ষক-শিক্ষার্থীদের চাপে নির্বাচন কমিশন ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করলেও বিতর্কিত কোম্পানির সরবরাহ করা ব্যালটপত্র ব্যবহার করা হচ্ছে। এতে কারচুপির সুযোগ তৈরি হয়েছে।”

ছাত্রদল প্রার্থীরা অভিযোগ করেন, ব্যালট নিয়ে অনিশ্চয়তার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তারা বলেন, ক্যাম্পাসের বাইরে কিছু সংগঠনের লোকজনের অবস্থান ভোটারদের নিরুৎসাহিত করছে, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা এতে ভোটদানে অনাগ্রহী হয়ে পড়তে পারেন।


তবে সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেল আশা প্রকাশ করেছে যে, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং কোনো ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *