নবযাত্রা প্রতিবেদক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে গতকাল রবিবার রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ২৯ জুন রাত ৮টায়।
কোন শিক্ষার্থী যদি প্রথম ধাপে নির্বাচিত হওয়ার পরও নিশ্চায়ন না করে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হবে। ওই শিক্ষার্থীকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
কলেজ শাখা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ লাখ ৭ হাজার ১০ জন শিক্ষার্থী আবেদন করেছে। এদের মধ্যে ছাত্র আবেদন করেছে ৪৬ হাজার ৬৭৪ জন এবং ৬০ হাজার ৩৩৬ জন ছাত্রী আবেদন করেছে। আর এসব শিক্ষার্থীরা আবেদনে পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ দিয়ে মোট চয়েসের সংখ্যা দিয়েছে ৬ লাখ ১ হাজার ৮৪৫টি।
অনলাইনে গত ২৬ মে শুরু হওয়া প্রথম পর্যায়ের আবেদন শেষ হয় ১৩ জুন। এবার অনলাইন আবেদনে চট্টগ্রামের সরকারি কলেজের মধ্যে সবচেয়ে আবেদন জমা পড়েছে বাকলিয়া সরকারি কলেজ। এ কলেজটিতে চয়েস পড়েছে ২৪ হাজার ৩৭২টি। সরকারি সিটি কলেজে ২০ হাজার ৬৭৮টি চয়েস পড়েছে। এরপরেই রয়েছে ওমরগণি এমইএস কলেজ। এ কলেজে চয়েস পড়েছে ১৯ হাজার ১২০টি এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১৮ হাজার ৮৮৬টি। এরপর বেশি চয়েস পড়েছে ইসলামিয়া ডিগ্রি কলেজে ১৭ হাজার ৮৭৮টি। এছাড়া চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ১৪ হাজার ৯৩৮টি, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ১৪ হাজার ৩৯৩টি। চট্টগ্রাম কলেজে ১২ হাজার ৬৬৪টি। পটিয়া সরকারি কলেজে ১২ হাজার ৫৬৪ ও কক্সবাজার সরকারি কলেজে ১২ হাজার ৩৪৬টি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. অধ্যাপক জাহেদুল হক বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১ লাখ ৭ হাজার ১০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে আজ রবিবার রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ২৯ জুন রাত ৮টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন
বাতিল হবে এবং আবেদন বাতিল হওয়া শিক্ষার্থীকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
উল্লেখ্য, আগামী ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়ে শেষ হবে ২ জুলাই। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টায়। দ্বিতীয় ধাপের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত। তৃতীয় ধাপের আবেদন গ্রহণ ৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় ধাপের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। ভর্তি শুরু হবে ১৫ জুলাই এবং শেষ হবে ২৫ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই।