চট্টগ্রামে একাধিক মামলার আসামি ‘গলাকাটা বাচ’ র্যাবের অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হয়ে ওঠা একাধিক মামলার পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচ’ কে গ্রেপ্তার করেছে র্যা ব-৭।
শুক্রবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন (৩৭) নগরীর বিভিন্ন থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সাদ্দাম হোসেন ‘গলাকাটা বাচ’ নামে এলাকায় পরিচিত এবং তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’ এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তার নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী চক্র বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, তার প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

র্যা ব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে অপরাধ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম (সিডিএমএস) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে পাঁচলাইশ, চকবাজার, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর সাদ্দাম হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *