মাকালু অভিযানে বাবর আলী, চোখ নতুন মাইলফলকে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পর্বতারোহণে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে আবারও বড় অভিযানে নামছেন দেশসেরা অভিযাত্রী বাবর আলী। এবার তার লক্ষ্য বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার), যা আরোহীদের জন্য অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত।

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজন করে পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স।

জানানো হয়, আগামী ৭ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আলী। কাঠমান্ডু পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে টুমলিংটার হয়ে ট্রেকিংয়ের মাধ্যমে বেস ক্যাম্পে পৌঁছাবেন তিনি। সেখান থেকেই শুরু হবে মূল আরোহন কার্যক্রম। পুরো অভিযানে সময় লাগতে পারে প্রায় দেড় মাস। সবকিছু অনুকূলে থাকলে মে মাসের মাঝামাঝি সময়ে শীর্ষ জয়ের চেষ্টা করবেন তিনি।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় তার দীর্ঘদিনের স্বপ্ন। ইতোমধ্যে সেই লক্ষ্যে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করেছেন তিনি। মাকালু জয় হলে সেই স্বপ্নপূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

তিনি আরও জানান, শুরুতে পাকিস্তানের নাঙ্গা পর্বত লক্ষ্য থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা ও আঞ্চলিক পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করে মাকালুকে বেছে নেওয়া হয়েছে।

মাকালুর বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, খাড়া ঢাল, অপ্রত্যাশিত আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান। এতে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাবর আলীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়, যা তিনি মাকালুর চূড়ায় উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

২০১৪ সাল থেকে পর্বতারোহণে যুক্ত বাবর আলী ইতোমধ্যে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক আট হাজারি শৃঙ্গ জয় করেছেন। বিশেষ করে ২০২৫ সালে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *