জালে একবারেই শত মণ ইলিশ, মিলল ৩৩ লাখ

নবযাত্রা ডেস্ক
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে এক ট্রলারের জালে একবারেই ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। এক টানেই প্রায় শত মণ মাছ ওঠায় জেলেদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। পরে এসব ইলিশ স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে প্রায় ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার ভোরে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি গভীর সাগরে মাছ শিকারে গিয়ে এই সাফল্য পান শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ ট্রলারের জেলেরা। ট্রলারটিতে থাকা ১৫ জন জেলে শুরুতে তেমন মাছ না পেলেও ভোরের দিকে হঠাৎ করেই জালে ধরা পড়ে বিপুল পরিমাণ ইলিশ।

জেলে নুরুল ইসলাম মাঝি জানান, কয়েকদিন ধরে সাগরে তেমন মাছ না পেলেও শেষ পর্যন্ত ভাগ্য সুপ্রসন্ন হয়। একবার জাল ফেলতেই প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে, যা দীর্ঘদিন পর তাদের জন্য বড় প্রাপ্তি।

বিকেল ৪টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। মণপ্রতি প্রায় ৩৩ হাজার টাকা দরে স্থানীয় এক ব্যবসায়ী পুরো চালানটি কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবী নেতারা জানান, সাম্প্রতিক সময়ে সাগরে ইলিশের দেখা কম মিলছিল, ফলে অনেক জেলেকে লোকসান গুনতে হচ্ছিল। এমন বড় চালান ধরা পড়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য বিভাগের এক কর্মকর্তা বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখে। এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ইলিশের উৎপাদন ও আকার—দুইই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *