পাচারের উদ্দেশ্যে ময়না-টিয়া পাখি মজুদ: চট্টগ্রামে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ময়না ও টিয়া পাখি মজুদ রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকাননের বালক সাধুর আশ্রম এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ময়না এবং ছয়টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করা হয়, যা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকার বাসিন্দা পূজন চক্রবর্তী (২৫) এবং একই এলাকার মোহাম্মদ নাঈম (১৮)।

অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম বন আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উদ্ধার করা পাখিগুলোকে প্রয়োজনীয় পরিচর্যার জন্য সংশ্লিষ্ট বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *