ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ, ফেসবুকে নিজেই জানালেন সিদ্ধান্ত
নবযাত্রা ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক বাস্তবতার কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার জন্য আর সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তার পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ নেই বলেও স্পষ্ট করেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে হবে।
লন্ডনে যোগদানের আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।