নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে মাদক মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকার মৃত হাজী ওয়াদুল হকের ছেলে মো. নুরুল গণি ও পটিয়ার দক্ষিণ হরিণখাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাইফুুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বে সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় মো. নুরুল গণি ও সাইফুল ইসলাম নামে দুই আসামিকে ৫ বছরের কারাদণ্ড সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি আতুরার ডিপু এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।