চট্টগ্রাম উইম্যান চেম্বারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

বাংলাদেশসহ ৫ দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণ,

৩৫০ স্টল ও ২০ প্যাভিলিয়নে জমজমাট আয়োজন

নবযাত্রা প্রতিবেদন

চট্টগ্রামে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৫তম আসরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, সিডব্লিউসিসিআইর উপদেষ্টা একরামুল করিম এবং দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুল মোহাম্মদ সোলাইমান আলম শেঠ। মেলা কমিটির চেয়ারম্যান ও সিডব্লিউসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ স্বাগত বক্তব্যে মেলার সার্বিক আয়োজন তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে। এই মেলা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নতুন সম্ভাবনা তৈরি করবে।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে হস্তশিল্প, দেশীয় পোশাকসহ নানা সৃজনশীল পণ্যের সমাহার রয়েছে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে বিনোদন পার্ক ও ফুড কোর্ট। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধিসহ সিডব্লিউসিসিআই’র পরিচালকবৃন্দ, মেলা কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এই আয়োজন নারী উদ্যোক্তাদের বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *