পাহাড়ে উৎসবের আমেজ, বিজু-সাংগ্রাইয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

নবযাত্রা প্রতিবেদন

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান।

শনিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের এসব উৎসব দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব সম্প্রদায়ের সদস্যদের তিনি অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের পাহাড় ও সমতলে বসবাসকারী মানুষের সকল ধর্মীয় ও সামাজিক উৎসব জাতীয় সংস্কৃতির অংশ। পাহাড়ি জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের ঐতিহ্যকে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে একটি অনন্য উদাহরণ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড় কিংবা সমতল—সব জায়গায় বসবাসকারী নাগরিকের অধিকার সমান বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিজু-সাংগ্রাইসহ এসব উৎসব এবং বাংলা নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *