চট্টগ্রাম, ২৭ জুলাই ২০২৫:
নবযাত্রা প্রতিবেদক
প্রতিবন্ধী শিশু, নারী ও যুবদের নিয়ে গঠিত “ইম্প্যাক্ট গ্রুপ”-এর উদ্যোগে বাঁশখালী উপজেলার গুণাগরীস্থ জেএসইউএস কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে প্রবেশগম্যতা, দৈনন্দিন জীবনযাত্রায় অন্তরায়সমূহ দূরীকরণ এবং একটি প্রতিবন্ধীবান্ধব টেকসই সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জানানো হয়, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় গঠিত এই ইম্প্যাক্ট গ্রুপ সমাজের তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধীদের সঙ্গে কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজে তাদের সম্মানজনক অবস্থান গড়ে তোলাই এ কার্যক্রমের লক্ষ্য।
সভায় জেএসইউএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এবং প্রতিষ্ঠাতা পরিচালক সাঈদুল আরেফীন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। তারা বলেন, “প্রতিবন্ধীদের ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় এ ধরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।”
প্রকল্পের প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। এরপর দক্ষতা উন্নয়ন এবং সমাজে অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন লিয়াকত হোসেন, জান্নাতুল ফেরদৌস, মো. আবদুল্লাহ তুষার, মোছাঃ জোবাইদুন্নাহার, মো. রাজিব ও মোছাঃ লাভলী আক্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন জেএসইউএস-এর সিবিআর এফ প্রভাস চন্দ্র, মো. ইকরাম আলী, মোছা. আম্বিয়া খাতুন ও রূপসী রানী।
সভার সমাপনীতে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকায় প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।