নিজস্ব প্রতিবেদক
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১১ হাজার ১৫১টি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের বিপরীতে আবেদন এসেছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৩ হাজার ১৩১টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে।
গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির ভিত্তিতেই এসব আবেদন জমা পড়ে। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী ৫ হাজার ৭১৮ জন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও জানান, পরীক্ষা শেষে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতি বছর দুটি করে নিয়োগ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।